দৈনিক যুগান্তরের মাল্টিমিডিয়া ইনচার্জ ও অনলাইন এডিটরস সোসাইটির (ওইএস) সদস্য অমিত হাসান রবিনের রাজবাড়ীর পাংশায় গ্রামের বাড়িতে সশস্ত্র হামলা এবং পরিবারের সদস্যদের নির্যাতনের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি। বুধবার (১১ নভেম্বর) সংগঠনের সভাপতি হাসান শরীফ ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়, গত ১০ নভেম্বর রাত ৯টার দিকে পাংশা উপজেলার গোলাবাড়ি গ্রামে রবিনের বাড়িতে একদল সশস্ত্র দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় তার বাবা গোলাম মোস্তফা, মা ডলি আক্তার, বোন ঐশি আক্তার ও ভাবি শাহানা খাতুনকে মারধর করা হয়। একজন গণমাধ্যমকর্মীর পরিবারের সদস্যদের ওপর এ ধরনের সশস্ত্র হামলা ও সহিংসতা অত্যন্ত ন্যক্কারজনক, নিন্দনীয় এবং কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নেতৃবৃন্দ বলেন, একজন সাংবাদিকের পরিবারের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। এ ঘটনা স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমকর্মীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। বিবৃতিতে হামলায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি রবিনের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।
নেতৃবৃন্দ আরও বলেন, সাংবাদিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে সাংবাদিক সমাজকে সঙ্গে নিয়ে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে অনলাইন এডিটরস সোসাইটি।